টাঙ্গাইলের মধুপুরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে হাকিম ড্রাইভার (৩৭) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত মৃত্যুর কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গোলাবাড়ী-নেকিবাড়ী সড়কের মধ্যবর্তী এলাকায় মহাসড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাকিম ড্রাইভার গোলাবাড়ী এলাকার আবু হানিফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেষ রাতের কোনো একসময় হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। ভোরে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মধুপুর থানার এসআই কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনাজনিত কারণে হাকিমের মৃত্যু হয়ে থাকতে পারে। তার মাজা থেকে উরু পর্যন্ত ভাঙা রয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা অধিকতর তদন্তের পর স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
মধুপুরে সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় হাকিম ড্রাইভারের লাশ উদ্ধার
-
সুজন কুমার দাস,, ধনবাড়ী, (টাঙ্গাইল) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
- 126
জনপ্রিয় সংবাদ




















