টাঙ্গাইলের মধুপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে উপজেলার জলছত্রের ভুটিয়া এলাকায় বসেছিল উৎসবের আমেজ। নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি তুলে ধরে দিনভর আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন স্থানীয় আদি জনগোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা।
রোববার (৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এ সময় ঐতিহ্যবাহী পোশাক, গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে নিজেদের হাজার বছরের সংস্কৃতি ও স্বতন্ত্র জীবনধারার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই জলছত্রের ভুটিয়া এলাকায় ছিল উৎসবের আবহ। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশুরা দলবেঁধে অনুষ্ঠানে যোগ দেন। কেউ ঐতিহ্যবাহী সাজে, কেউবা নাচ-গানের তালে উৎসবের আনন্দে মেতে ওঠেন।
আয়োজকরা বলেন, আন্তর্জাতিক আদিবাসী দিবস শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিরও একটি গুরুত্বপূর্ণ দিন। নতুন প্রজন্মের কাছে নিজস্ব ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয় অংশগ্রহণকারীরা বলেন, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে এমন আয়োজন তাদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। প্রতিবছরই দিনটি ঘিরে মধুপুরের বিভিন্ন এলাকায় উৎসবের আয়োজন করা হয়।
সারাদিনের নানা আয়োজন শেষে আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান। এ সময় স্থানীয়দের মধ্যে ছিল উৎসবের আমেজ ও সম্প্রীতির আবহ।
*সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















