টাঙ্গাইলের মধুপুর উপজেলার ঐতিহ্যবাহী জলছত্র হরিসভা মন্দিরে রাতের আঁধারে তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মন্দির কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চোরেরা মন্দিরের দুটি দানবাক্স ভেঙে আনুমানিক ৯০ হাজার টাকা নিয়ে গেছে। এছাড়া প্রতিমার মূল্যবান স্বর্ণালংকার, রূপার নুপুর এবং পূজায় ব্যবহৃত পিতল ও কাঁসার সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
স্থানীয়রা জানান, ঐতিহ্যবাহী এই ধর্মীয় উপাসনালয়ের ইতিহাসে এমন চুরির ঘটনা এবারই প্রথম। ফলে ঘটনাটি জানাজানি হওয়ার পর মন্দিরের ভক্ত ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে মন্দিরের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ধর্মীয় প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
সুজন রবি দাস ধনবাড়ী/টাঙ্গাইল প্রতিনিধি 



















