চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু পরিবহন এবং সরকারি সড়কের ওপর পাইপলাইন স্থাপন করে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ড্রেজার মালিককে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। একই সঙ্গে সড়কের ওপর স্থাপিত অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
অভিযানকালে অবৈধভাবে ড্রেজার পরিচালনা এবং সরকারি সড়কের ক্ষতি করে পাইপের মাধ্যমে বালু পরিবহনের অভিযোগে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় দুই ড্রেজার মালিককে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সরকারি সড়কের ওপর স্থাপিত অবৈধ পাইপলাইন অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের দ্রুত সার্ভে সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, “অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু পরিবহন এবং সরকারি সড়কের ক্ষতি করে পাইপের মাধ্যমে বালু পরিবহন বন্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি ও সরকারের নির্দেশনা অমান্য করে পরিচালিত যেকোনো অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পদ রক্ষা, জনদুর্ভোগ হ্রাস এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: আবু নাছের, মতলব উত্তর 



















