মঠবাড়িয়া প্রতিনিধি ॥ ঝুঁকি নিয়ে দুই শিশু শিক্ষার্থীর ঝুলে ঝুলে ভাঙা কালভার্ট পার হওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন মারুফ হাওলাদার নামের এক স্থানীয় তরুণ। মুহূর্তের মধ্যেই সেই আবেগঘন পোস্টটি ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজরে আসার মাত্র তিন দিনের মাথায় পিরোজপুরের মঠবাড়িয়ার সেই জনগুরুত্বপূর্ণ ভাঙা কালভার্টের সংস্কার করে দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার সংস্কার সম্পন্ন হওয়া কালভার্টটি সরেজমিনে পরিদর্শনে যান মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার।
ফেসবুক পোস্ট এর সূত্র ধরে ইউএনও আকলিমা আক্তারের নির্দেশনায় কালভার্টটি মেরামতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়। মাত্র তিন দিনের ব্যবধানে ১২ ফুট দৈর্ঘ্যের এই কালভার্টটি সংস্কার করে জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ উপযোগী করে তোলা হয়েছে। এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনদুর্ভোগের বিষয়টি জানার পরপরই ইউএনও স্যারের নির্দেশনায় আমরা দ্রুত কালভার্টটি সংস্কার করি। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থল ‘বালা বাড়ি’ এলাকার এই কালভার্টটি দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে ছিল। ফলে কোমলমতি স্কুলগামী শিক্ষার্থী ও দুই ওয়ার্ডের শত শত সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। মারুফ হাওলাদারের ফেসবুক পোস্ট এবং এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা দ্রুত উপজেলা প্রশাসনের নজরে আসে। জনদুর্ভোগের এই চিত্র তুলে ধরে সম্প্রতি স্থানীয় বাসিন্দা মারুফ হাওলাদার ফেসবুকে মঠবাড়িয়া উপজেলা ও বড়মাছুয়া ইউনিয়ন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্ট দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হলে তা দ্রুত উপজেলা প্রশাসনের নজরে আসে।
যাতায়াত স্বাভাবিক রয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। আপাতত সাধারণ মানুষের যাতায়াত সচল রাখতে জরুরি ভিত্তিতে কালভার্টটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে সেখানে একটি স্থায়ী ও টেকসই আরসিসি কালভার্টটি নির্মানের উদ্যোগ নেওয়া হবে। এদিকে ফেসবুক পোস্টের পর দ্রুততম সময়ে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। একই সাথে তারা সেখানে দ্রুত একটি স্থায়ী কালভার্ট নির্মাণেরও দাবি জানান।
মোঃ জুয়েল মিয়া স্টাফ রিপোর্ট "সত্যের পথে নির্ভীক "দৈনিক বাংলার সংবাদ"। 



















