ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক এখন স্থানীয় বাসিন্দা ও হাজারো শিক্ষার্থীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষার মৌসুম শুরু হতে না হতেই রাস্তাটির অবস্থা এতটাই নাজেহাল যে, সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা, কোমলমতি শিক্ষার্থীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক পথটি ধরে প্রতিদিন এলাকার অসংখ্য ছাত্র-ছাত্রী যাতায়াত করে। সড়কের পাশেই ও সংযোগস্থলে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান চর মনসা রেবা রহমান রেজি. সরকারি প্রাথমিক বিদ্যালয়,
হযরত আবু বক্কর (রা.) কিন্ডারগার্টেন,
চর আনন্দ মফিজিয়া দাখিল মাদ্রাসা,
শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়।বর্ষার সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদা-পানিতে একাকার হয়ে যায়। ফলে ছোট ছোট প্রাইমারি স্কুল ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়শই শিক্ষার্থীরা পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক ভিজিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হয়।এলাকাবাসী জানান, এই সড়কটি কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, বরং স্থানীয় অর্থনৈতিক যোগাযোগের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালের হাট ও বয়াতির হাট থেকে শান্তির হাট বাজারে আসার জন্য এটিই সবচেয়ে সংক্ষিপ্ত এবং সহজ পথ। শান্তির হাট এলাকায় অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক কেন্দ্র থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই পথ ব্যবহার করেন। কিন্তু রাস্তার এই জরাজীর্ণ অবস্থার কারণে থমকে গেছে গ্রামীণ অঞ্চলের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা।দীর্ঘদিন ধরে রাস্তাটির কোনো স্থায়ী সংস্কার না হওয়ায়, সম্প্রতি স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী নিজেদের অর্থ ও পরিশ্রমে রাস্তাটির কিছু অংশ সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করেন। তবে তা স্থায়ী সমাধানের জন্য মোটেও পর্যাপ্ত নয়। এলাকাবাসীর ক্ষোভ— এখন পর্যন্ত সরকারি কোনো অনুদান বা টেকসই সংস্কারের ছোঁয়া পৌঁছায়নি এই গুরুত্বপূর্ণ সড়কে। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের ছেলে-মেয়েরা কাদা ভেঙে স্কুলে যেতে চায় না। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি নদী হয়ে যায়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, যেন দ্রুত এই রাস্তাটি পাকাকরণ বা সরকারি সহায়তায় স্থায়ীভাবে সংস্কার করা হয়।”
এলাকার সচেতন মহলের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন নির্বিঘ্ন করতে এবং গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে এই রাস্তাটি মেরামতের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।
ভোগান্তির শেষ নেই রাজাপুরের গুরুত্বপূর্ণ সড়কে সরকারি উদ্যোগ না থাকায় এলাকাবাসীর মেরামত
-
মোঃ সবুজ স্টাফ রিপোর্টার ভোলা। - আপডেট সময় : ০৩:২৫:১২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- 120
জনপ্রিয় সংবাদ




















