কুষ্টিয়ার ভেড়ামারায় শত্রুতার জেরে কাজিহাটা কালীগাঙ্গের বিল এলাকায় একটি মাছের পুকুরে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা গেছে, আল্লারদর্গা ইউনিয়নের হলুদবাড়ীয়া গ্রামের বাসিন্দা মাছ চাষী রাজিব আলী। তিনি জান্নাত আলীর ছেলে। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের প্রায় সব মাছ মারা যায়।
রাজিব আলীর দাবি, এ ঘটনায় তার প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তিনি এটিকে পূর্ব শত্রুতার জের বলে মনে করছেন।
রাজিব আলী আরো বলেন, সারাবছর পরিশ্রম করে মাছ চাষ করি। রাতের আঁধারে কে বা কারা আমার সর্বনাশ করে দিল। এ কেমন শত্রুতা!”
এ বিষয়ে ভেড়ামারা থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় মাছ চাষি ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















