এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। নিহত তানিয়ার বাড়ি ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের (চেয়ারম্যান গেট সংলগ্ন) প্রবাসী আক্তারুল ও কবিতা দম্পতির কন্যা এবং বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিল।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, তানিয়া এবারে আমাদের স্কুলের এস.এস.সি পরীক্ষার্থী ছিলেন।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী মুনির উদ্দিন জানান, আমরা লোকমুখে জানতে পেরেছি আমাদের স্কুলে তানিয়া নামে এবারের এসএসসি পরীক্ষার্থী গতকাল রাত ১১টায় আত্মহত্যা করেছে। প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া বাংলা ও ইংরেজী এই দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল মেনে নিতে না পেরে চরম মানসিক হতাশায় সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ কক্ষে গলায় ফাঁস দেন তিনি। ঘটনার খবর পেয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করেন।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, ব্যুরো চীফ, দক্ষিণাঞ্চল 



















