চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে থানার মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দেশি চোলাই মদ ও গাঁজা সেবনের সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২০ আগস্ট বৃহস্পতিবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশ, ফটিকছড়ি থানা পুলিশ ও আনসারের সহযোগিতায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেশি চোলাই মদ ও গাঁজা সেবনরত অবস্থায় ৬ জন মাদকসেবীকে আটক করা হয়। আটক ৫ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনায় মোট ৬টি মামলা করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়।
ফটিকছড়ি প্রতিনিধি 



















