টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী *ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের* নবগঠিত এডহক কমিটির প্রথম সভা মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি *মোহাম্মদ এনামুল হক (ভিপি)*। সভার পূর্বে তিনি বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টরা ফুলের তোড়া দিয়ে তাকে এবং অভিভাবক সদস্যকে আন্তরিকভাবে বরণ করে নেন।
পরে বিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক বিষয় নিয়ে এজেন্ডাভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভাপতি ও কমিটির অন্যান্য সদস্য বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে সভাপতি মোহাম্মদ এনামুল হক বলেন, একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষভাবে তিনি শিক্ষার্থীদের মাদকদ্রব্য থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং মাদকাসক্ত বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের বন্ধুত্ব বা মেলামেশা না করার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
*সুজন রবি দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















