ইজারা ছাড়াই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন করে উপজেলার বাহাদুরপুর, তাজপুর ও দূর্গাপুরে হাজারো গ্রামবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন জুবায়ের হায়দার বুলু, আশরাফুজ্জামান মাসুম, তারেক আহমেদ মিলন, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
আন্দোলনকারীদের অভিযোগ, মেঘনা নদীর কিশোরগঞ্জের ভৈরব অংশে সরকারী ভাবে বালু উত্তোলনের জন্য ইজারা দেয়া হয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে একশ্রেণীর প্রভাবশালী মহল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিংবা ক্ষমতার দাপট দেখিয়ে মেঘনা নদীর আশুগঞ্জ অংশের বাহাদুরপুর, তাজপুর ও দূর্গাপুর এলাকা থেকে ড্রেজার দিয়ে নির্বিচারে বালু উত্তোলন করে আসছে। এর ফলে তীব্র নদী ভাঙনের হুমকিতে মুখে পড়েছে এই গ্রাম গুলো।
আন্দোলনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা জানান, বালু উত্তোলনের কারণে তাদের ভিটেমাটি নদীতে চলে যাচ্ছে এবং তারা নদী ভাঙনের আতঙ্কে রাতে ঘুমাতে পারেন না। অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং বিষয়টি নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মেঘনা নদীতে যেকোনো মূল্যে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















