দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সদর ও নবীনগর উপজেলায় কলেরা প্রতিরোধে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের টিকাকেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক শেখ মো. ফজলে রাব্বি, ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. নোমান মিয়াসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রথম ধাপে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং দ্বিতীয় ধাপে ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা খাওয়ানো হবে।
সদর ও নবীনগর উপজেলায় মোট ১০ লাখ ২৪ হাজার ৫০৯ জনকে কলেরার টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ৪ লাখ ২১ হাজার ৪৬০ জন এবং নবীনগর উপজেলার ২০টি ইউনিয়নের ৬০টি ওয়ার্ডে ৬ লাখ ৩ হাজার ৪৯ জনকে টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এক বছরের কম বয়সী শিশু ও গর্ভবতী নারীরা এ টিকাদান কর্মসূচির আওতামুক্ত থাকবেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার সংক্রমণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবীনগর প্রতিনিধি 



















