ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নে নাটাই ঐক্যবদ্ধ প্রবাসী সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকালে সদর উপজেলার নাটাই ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এ সেমিনারে সংগঠনের সাবেক সভাপতি কাজী নাঈম ও উপদেষ্টা আবদুস সালামের সঞ্চালনায় ও মাওলানা আলী আজম কাশেমীর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এসআই ও নাটাই বিট অফিসার মোমিনুল ইসলাম (পিপিএম)।
নাটাই ঐক্যবদ্ধ প্রবাসী সংগঠনের সভাপতি লন্ডন প্রবাসী সারোয়ার হোসেন ভূইয়া প্রবাস থেকে মুঠোফোনে এক ভয়েস বার্তায় বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সদর মডেল থানার এসআই ও নাটাই বিট অফিসার মোমিনুল ইসলাম (পিপিএম) বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।
সভাপতির বক্তব্যে মাওলানা আলী আজম কাশেমী বলেন, দেশের বাইরে অবস্থান করলেও প্রবাসীরা সবসময় নিজ এলাকার উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রবাসীদের স্বজন, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জালাল উদ্দিন রুমি 



















