বুধবার মধ্য রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মাঝারি বৃষ্টিতে আদমদীঘি উপজেলা সদর ও উপজেলার সান্তাহার পৌর এলাকার বহু পাড়া ও মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অধিকাংশ ওয়ার্ডের সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় পানি জমে জনজীবন ব্যাহত হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগ,দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার না করা, পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকা এবং অব্যবস্থাপনার কারণেই প্রতি বর্ষা মৌসুম ছাড়াও একটু মাঝারি বৃষ্টি হলেই এই ধরনের জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় স্থানীয় বহু ভুক্তভোগী বাসিন্দারা নিজ নিজ পাড়া-মহল্লার জলাবদ্ধতার ভিডিও এবং ছবি দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সান্তাহার পৌর এলাকার রেলওয়ে লোকো সিভিল কলোনির বাসিন্দা আল-আমিন বলেন, রাত ১২টার দিকে বৃষ্টি শুরু হবার পর ঘুমিয়ে যাই। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির ভেতরে, এমনকি শয়নকক্ষেও পানি ঢুকে গেছে। বাইরে বের হয়ে দেখি ড্রেন বন্ধ হয়ে থাকায় পানি নামতে পারছে না। আমরা নিয়মিত পৌর কর পরিশোধ করি। কিন্তু প্রথম শ্রেণির পৌরসভার বাসিন্দা হয়েও যদি এমন জলাবদ্ধতার শিকার হতে হয়, তাহলে নাগরিক সেবার মান কোথায়। চা-বাগান সিভিল কলোনির বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মর্তুজা সেলিম বলেন, আমার বাড়ির নিচতলায় পানি ঢুকে পড়েছে। মহল্লার অনেক বাড়িতেই একই অবস্থা। এ সমস্যা সমাধান করার জন্য একাধিকবার পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর বর্ষা এলেই আমাদের একই দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য থেকে মাঝারি বৃষ্টিতেই পৌর এলাকার বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় পানি জমে যায়। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও দৈনন্দিন কর্মকাণ্ডে বিঘ্ন ঘটে। তাদের দাবি, নিয়মিত ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের পথ সচল এবং দীর্ঘমেয়াদি ড্রেনেজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সমস্যাটির স্থায়ী সমাধান করতে হবে। এ বিষয়ে সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী আবু রায়হান মণ্ডল বলেন, অতিবৃষ্টির কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যেও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কাজ করেছেন। আশা করছি, খুব দ্রুত জলাবদ্ধতা নিরসন করা সম্ভব হবে
বৃষ্টিতে জলাবদ্ধতা, অব্যবস্থাপনায় ক্ষোভ হাজারো ভুক্তভোগী বাসিন্দাদের
-
মোঃ আহসান হাবিব (আদমদীঘি প্রতিনিধি) : - আপডেট সময় : ১২:৩৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















