সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুরে বিদ্যালয়ের সংস্কার, শিক্ষার মানোন্নয়ন সর্বোপরি বিদ্যালয়ের সার্বিক বিষয়ে সহযোগিতামূলক কার্যক্রমে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী, শিক্ষানুরাগী এবং অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নৈতিক শিক্ষার বিকাশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী।
বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি মোঃ আবুল খায়ের এর সভাপতিত্বে ও রিয়াজ উদ্দিন জনির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান, বিদ্যালয়ে সহকারী শিক্ষক মাওলানা মুহিবুর রহমান, মিহির কান্ত দাশ, সাবেক সদস্য আজাদ মিয়া তালুকদার, কলকলিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম কোরেশী মাছুম, কামারখাল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুতিউর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আঞ্জুর আলী, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জুনেদ আহমদ, অভিভাবক সদস্য দিলোওয়ার হোসেন দুলা প্রমূখ।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশাশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি শিশুকে সুশিক্ষিত, নৈতিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়, পরিবার এবং সমাজকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের শুধু পরীক্ষার ফলাফলের দিকে নয়, তাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিকতা ও নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতির বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।
স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয় পরিচালনা (এডহক) কমিটির সভাপতি আবুল খায়ের বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। তিনি বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
জগন্নাথপুর প্রতিনিধি 



















