২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবির পৃথক অভিযানে একজন আসামীসহ গাঁজা, বাংলা মদ, ভারতীয় জিরা, ফুচকা ও কসমেটিকসসহ অর্ধকোটি টাকা মূল্যের মালামাল জব্দ*
সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় জিরা, ফুচকা, কাবেরী মেহেদী ও ৪৩ কেজি গাঁজা এবং ১০ লিটার বাংলা মদসহ ০১ জন আসামী আটক করেছে।
৫৫ বিজিবি’র মাধবপুর উপজেলার সাতছড়ি বিওপির টহলদল( ০৪ আগস্ট ২০২৬) তারিখ বেলা( ১২টার) সময়ে সীমান্ত হতে আনুমানিক ১ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে সাতছড়ির দুর্গম পাহাড়ি বনাঞ্চল এলাকায় টহল পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। দুর্গম পাহাড়ি এই এলাকা হওয়ায় মাদক কারবারীরা তল্লাশি এড়াতে গাঁজাগুলো জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাদক কারবারীরা ভারত থেকে এসব গাঁজা এনে সুবিধাজনক সময়ে দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিজিবির নিয়মিত টহল তৎপরতার অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে মাদকগুলো উদ্ধার করা সম্ভব হয়।
অপর একটি অভিযানে আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ বেলা আনুমানিক ৩টার দিকে বাল্লা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে ২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে আসামপাড়া বাজার নামক স্থানে সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে ব্যাগের মধ্যে জারিকেনে থাকা ১০ লিটার ভারতীয় মদসহ স্থানীয়দের সহায়তায় একজন আসামিকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামির বিবরণ: মোঃ এনাম খান (২১), পিতা- মোঃ নিম্বর আলী, গ্রাম- জারুলিয়া, ডাকঘর- গাজীপুর, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ। আটককৃত মদসহ আসামিকে যথাযথ নিয়ম অনুসরণ করে চুনারুঘাট থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তরের করা রয়েছে।
অপর আরেকটি বিশেষ অভিযানে ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া মাজার সংলগ্ন চা বাগান এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়। আজ ০৪ আগস্ট ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪ টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে ট্রাকটি মহাসড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল উক্ত ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ট্রাকটি তল্লাশি করে এর ভেতরে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা এবং কাবেরী মেহেদী পাওয়া যায়। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা এ সমস্ত মালামাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।
এছাড়া মাদক ও চোরাচালান ব্যবসায়ী চক্রকে শনাক্ত এবং আটক করতে বিজিবি’র গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
সারোয়ার নেওয়াজ শামীম
হবিগঞ্জ।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ 



















