পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে জামিনে মুক্তি দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচির কয়েক ঘণ্টা পর মঙ্গলবার (২৩ জুন) দুপুর ২টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন।
এর আগে সকাল ১১টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ছাত্রদল। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়াজ খান।
সমাবেশে তিনি অভিযোগ করে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন একটি মামলায় ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে আসামি করা হয়েছে। তিনি দাবি করেন, মামলার ঘটনার সময় ফাহাদ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অবিলম্বে মামলাটি প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত ২৬ মার্চ বাউফল পৌর শহরের বাজার ব্রিজ সংলগ্ন একটি ফলের দোকানে হামলা, লুটপাট ও দোকানি আল-আমিনকে মারধরের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সোমবার (২২ জুন) পটুয়াখালীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন আব্দুল্লাহ আল ফাহাদ। তবে আদালত প্রথমে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরদিন মঙ্গলবার দুপুরে আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলে তিনি কারামুক্ত হন। তার মুক্তির খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়।
মোঃ আব্দুল্লাহ আল লিখন বাউফল, পটুয়াখালী প্রতিনিধি 



















