পটুয়াখালীর বাউফল থানায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মো. জাহিদ (২২)-কে রাজধানী ঢাকার চকবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। একই অভিযানে উদ্ধার করা হয়েছে অপহৃত এক কলেজছাত্রীকে (১৬)।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র্যাব-১০, সিপিএসসি, লালবাগের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই ২০২৬ সন্ধ্যায় রাজধানীর চকবাজার থানাধীন উমেশ দত্ত রোডের বকশীবাজার টিম্বিয়া হাবিবিয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়শিবা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ইউনুস শরীফ (ইনু শরীফ)-এর ছেলে।
র্যাব জানায়, বাউফল থানায় দায়ের হওয়া মামলা নম্বর-২১ (তারিখ: ১৩ নভেম্বর ২০২৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭/৩০ ধারায় রুজু করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম বাউফল উপজেলার একটি কলেজের ছাত্রী। কলেজের পাশেই অভিযুক্তের এক আত্মীয়ের বাড়িতে যাতায়াতের সুবাদে তাদের মধ্যে পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৯ নভেম্বর দুপুরে কলেজে যাওয়ার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও মেয়ের সন্ধান না পেয়ে তার বাবা বাউফল থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির একপর্যায়ে র্যাব ভিকটিমের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। অভিযানে পলাতক আসামিকে গ্রেপ্তার এবং অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া কলেজছাত্রীকে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে প্রথমে ঢাকার চকবাজার থানায় হস্তান্তর করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে তাদের বাউফল থানায় আনা হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “মঙ্গলবার দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া তরুণীকে বাউফল থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তথ্য ও ছবি: মো. আব্দুল্লাহ আল লিখন, বাউফল, পটুয়াখালী।
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 



















