বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি সংগঠনের আদর্শ, দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের ভূমিকা এবং ভবিষ্যতে দেশ ও মানুষের পাশে থেকে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় নেতারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও সামাজিক কল্যাণের প্রশ্নে রাজপথে দায়িত্বশীল ভূমিকা পালনকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানান আয়োজকরা। দেশ ও মানুষের কল্যাণে আগামী দিনগুলোতে আরও ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ 



















