কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে ৪৪৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ডানতীর রক্ষা বাঁধ এখন নতুন হুমকির মুখে পড়েছে। বাঁধ কেটে অবৈধভাবে সড়ক নির্মাণ করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
সরেজমিনে দেখা গেছে, রানিগঞ্জ ইউনিয়নের কাঁচকোল থেকে ফকিরেরহাট পর্যন্ত ডানতীর রক্ষা বাঁধের অন্তত ৯টি স্থানে বাঁধ কেটে ডাম্পার ট্রাক চলাচলের জন্য সংযোগ সড়ক তৈরি করা হয়েছে। কালিরকুড়া টি-বাঁধ থেকে ফকিরেরহাট বাঁধমোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় ৭টি স্থানে এমন রাস্তা নির্মাণ করা হয়।
স্থানীয়দের দাবি, বছরের পর বছর ভেজা বালুভর্তি ভারী ট্রাক চলাচলের কারণে বাঁধের বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। ইতোমধ্যে অন্তত ৩৩টি স্থানে ক্ষয়ের চিহ্ন দেখা দিয়েছে। এতে বর্ষা মৌসুমে নতুন করে নদীভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকার পরিবর্তনের পর স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে বালু উত্তোলন কেন্দ্রের সংখ্যা বেড়ে যায়। বাঁধ কেটে ও সংরক্ষণ ব্লক অপসারণ করে এসব পয়েন্টে যাতায়াতের ব্যবস্থা করা হয়। যদিও জনরোষের মুখে বর্তমানে অধিকাংশ পয়েন্ট বন্ধ রয়েছে।
স্থানীয় বাসিন্দা মুকুল মণ্ডল বলেন, পানি উন্নয়ন বোর্ড বিষয়টি জানলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় কোটি টাকার প্রকল্প ঝুঁকির মধ্যে পড়েছে এবং নদীপাড়ের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, বাঁধ কেটে নির্মিত অবৈধ সড়কগুলো অপসারণের জন্য পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, অবৈধ সড়ক অপসারণ ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ রেজাউল ইসলাম স্টাফ রিপোর্টার 



















