যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এলাকার কৃতি সন্তান মেজর (অব.) মেহেদী হাসান বুলবুল। বৃহস্পতিবার (২৩ জুলাই) হাজীরবাগ গ্রামে তাঁর নিজ বাড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের মাঝে প্রায় এক হাজার ফলজ, বনজ ও মসলা জাতীয় বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। একই দিনে কপোতাক্ষ নদে ১৪ হাজার কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
চারা বিতরণ কর্মসূচিতে পেয়ারা, আমড়া, কাঁঠাল, মেহগনি, চুইঝালসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বাঁকড়া হাজীরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল কাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চারাগুলো গ্রহণ করেন।
এর আগে মেজর (অব.) মেহেদী হাসান বুলবুল তাঁর বাড়ির পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদে রুই, কাতলা, মৃগেল ও সিলভার কার্পসহ প্রায় ১৪ হাজার মাছের পোনা অবমুক্ত করেন, যা নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মৎস্যসম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ শহিদুল ইসলাম, বাঁকড়া বাজার কমিটি ও হাজীরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সাংবাদিক আবুল কাশেম, এম. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন সাহেব আলী, দপ্তর সম্পাদক তারেকুজ্জামান, আরিফ বিল্লাহ, বিশিষ্ট সমাজসেবী ডা. আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য আবদুল আজিজ, ইউপি সদস্য আতিয়ার রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, মেজর (অব.) মেহেদী হাসান বুলবুল দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে নিয়মিতভাবে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করে আসছেন। এছাড়া গত বছরও তিনি কপোতাক্ষ নদে মাছের পোনা অবমুক্ত করেছিলেন।
এদিকে একই দিন মেজর (অব.) মেহেদী হাসান বুলবুল প্রেসক্লাব বাঁকড়া পরিদর্শন করেন। এ সময় প্রেসক্লাবের সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সাংবাদিক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন সাহেব আলী ও দপ্তর সম্পাদক তারেকুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি প্রেসক্লাবে একটি দেওয়াল ঘড়ি উপহার দেন এবং ভবিষ্যতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী দিয়ে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। উল্লেখ্য, এর আগেও তিনি প্রেসক্লাব বাঁকড়ার জন্য বিভিন্ন আসবাবপত্র প্রদান করেছেন।
স্থানীয় সচেতন মহল মেজর (অব.) মেহেদী হাসান বুলবুলের এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
বাঁকড়ায় মেজর (অব.) মেহেদী হাসান বুলবুলের উদ্যোগে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ ও কপোতাক্ষে মাছের পোনা অবমুক্ত
-
আবু রাসেল, যশোর প্রতিনিধি | দৈনিক বাংলার সংবাদ - আপডেট সময় : ০৬:৩১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- 47
জনপ্রিয় সংবাদ




















