বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬। শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা, শিক্ষাপ্রতিষ্ঠান ও দাবা ক্লাবের বিপুলসংখ্যক দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, “দাবা শুধু একটি সাধারণ খেলা নয়; এটি মেধা, ধৈর্য, কৌশল ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ মানসিক বিকাশে দাবা চর্চার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই একজন সম্ভাবনাময় দাবাড়ু। জয়-পরাজয়ের বাইরে খেলোয়াড়দের মধ্যে কৌশলগত চিন্তা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত অনুশীলন ও প্রতিযোগিতার মাধ্যমে কুড়িগ্রামের দাবাড়ুরা জাতীয় পর্যায় ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখবে বলে আমি বিশ্বাস করি।”
তিনি আশাবাদ ব্যক্ত করে আরও বলেন, “কুড়িগ্রামে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ দাবাড়ু তৈরি হবে, যারা দেশের মুখ উজ্জ্বল করবে।”
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। দাবা খেলা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ধৈর্য ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মেধাভিত্তিক ক্রীড়া চর্চায় সবসময় সব ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা বজায় থাকবে।”
তিনি আরও বলেন, “প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে দাবার মতো বুদ্ধিবৃত্তিক খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জেলার নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।”
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু-র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, সিনিয়র সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাতীয় দাবা বিচারক মোজাহিদুল ইসলাম, সোনালী অতীত ক্লাব কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী ঝিনুকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, উদ্বোধনের পরপরই প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা শুরু হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুমোদিত আর্বিটারদের তত্ত্বাবধানে খেলাগুলো পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন বয়সী ও বিভিন্ন শ্রেণি-পেশার দাবাড়ুদের অংশগ্রহণে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
নির্ধারিত রাউন্ডের খেলা শেষে বিজয়ী সেরা খেলোয়াড়দের মধ্যে ট্রফি, সনদপত্র ও আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে বিশেষ সম্মাননাও প্রদান করা হতে পারে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি সুন্দর, সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খেলোয়াড়দের জন্য আরামদায়ক পরিবেশ, নিরপেক্ষ বিচার কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জেলার দাবা অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা
বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামে শুরু জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ০৯:০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- 48
জনপ্রিয় সংবাদ




















