নওগাঁর বদলগাছীতে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৬ জুলাই রাত ১০টার দিকে উপজেলার হলুদবিহার গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—বদলগাছী উপজেলার হলুদবিহার গ্রামের ময়েন উদ্দিনের ছেলে সুমন হোসেন (৩৬), কোলার পালশা গ্রামের মৃত আহমেদ আলীর ছেলে গোলাম মোস্তফা (২৮) এবং খামার আক্কেলপুর গ্রামের মৃত শাজাহানের ছেলে আবুল কাশেম (৪৬)।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল ২৬ জুলাই রাতে বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, হলুদবিহার গ্রামের সুমন হোসেনের বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশ। পরে উপস্থিত লোকজনের সামনে সুমন হোসেনের দেহ তল্লাশি করে তার পরনের প্যান্টের পকেট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার দুই সহযোগী গোলাম মোস্তফা ও আবুল কাশেমকেও গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ফিরোজ আহম্মেদ নওগাঁ প্রতিনিধি: 



















