নওগাঁর বদলগাছীতে অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত ১২টা ৫৫ মিনিটে উপজেলার মথুরাপুর ইউনিয়নের দরিয়াপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের বাড়ির সামনে ফাঁকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—দরিয়াপুর গ্রামের ইয়াসিনের ছেলে ফিরোজ হোসেন (৩৫), একই গ্রামের মো. ইউনুস আলীর ছেলে নয়ন হোসেন (২৯) এবং চক মথুর গ্রামের মো. নান্নুর ছেলে মো. নাইস হোসেন দুখু।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ১৮ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-১৯, তারিখ ২২ জুলাই ২০২৬। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ফিরোজ আহম্মেদ জেলা প্রতিনিধি: নওগাঁ 



















