বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এবং থানায় দায়ের করা প্রায় ৪০ লাখ টাকা চুরির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছা. লাভলী আক্তার।
রবিবার (১২ জুলাই ২০২৬) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লাভলী আক্তার। তিনি বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বস্তাল গ্রামের আবু দাইয়ানের ছেলে মালয়েশিয়া প্রবাসী আবুল কালাম ও তার ভাই হোসেন আলী পরিকল্পিতভাবে তার স্বামী আব্দুল খালেককে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ৯ জুন ২০২৬ তারিখে মালয়েশিয়ায় সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা) চুরি করে আব্দুল খালেক পালিয়ে গেছেন— এমন অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে ২০ জুন ২০২৬ তারিখে এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।
তবে লাভলী আক্তারের দাবি, অভিযোগটি সম্পূর্ণ অসত্য। তিনি বলেন, তার স্বামী আব্দুল খালেক ৫ জানুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন এবং ১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় মালয়েশিয়ায় যান। ফলে কথিত চুরির ঘটনার তারিখ ৯ জুন তিনি নিজ বাড়ি কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামেই অবস্থান করছিলেন। বিষয়টি তার পাসপোর্টের ইমিগ্রেশন সিল এবং স্থানীয় গ্রামবাসীর সাক্ষ্যের মাধ্যমে সহজেই প্রমাণ করা সম্ভব।
তিনি আরও বলেন, পরিকল্পিত এই অপপ্রচারের কারণে তাদের পরিবারের সামাজিক মর্যাদা ও সম্মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাছে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লাভলী আক্তার বলেন, তদন্তে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ষড়যন্ত্রমূলকভাবে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।
এম. আজাদ খান স্টাফ রিপোর্টার, বগুড়া: 



















