লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও সহজ ও দ্রুত নিশ্চিত করতে রংপুর শহরে গঠন করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী ‘গোড়ল ইউনিয়ন মেডিকেল সহায়তা টিম’। ২৪ ঘণ্টা জনসেবায় নিয়োজিত এ টিমের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। মানবিক এ উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গজর উদ্দিন পাটোয়ারী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোড়ল ইউনিয়নের যেকোনো অসুস্থ ব্যক্তি চিকিৎসার প্রয়োজনে বিভাগের বিভিন্ন হাসপাতালে গেলে টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। হাসপাতালের তথ্য প্রদান, চিকিৎসকের সঙ্গে যোগাযোগ, রক্তদাতা সমন্বয়, রোগী ভর্তি এবং চিকিৎসাসংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে টিমের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে সহযোগিতা করবেন।
নবগঠিত মেডিকেল সহায়তা টিমে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. হুমায়ুন কবীর, তানজিনা সাথী, ইমন মোহাম্মদ ইব্রাহিম, নুসরাত জাহান নিমা এবং সাদিয়া আফরিন মৌ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিমের সদস্যরা ২৪ ঘণ্টা গোড়ল ইউনিয়নের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। চিকিৎসাসংক্রান্ত যেকোনো প্রয়োজনে নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
মানবিক এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ গোড়ল ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী। চিকিৎসাসেবায় সহযোগিতামূলক এই কার্যক্রম সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
ইমাম ইসরাঈল| লালমনিরহাট প্রতিনিধি 



















