চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
১২ জুলাই রবিবার বিকেলে ইউনিয়নের শাহনগর ইসলামীয়া বাজারে এসব ত্রাণ বন্যার্তদের হাতে তুলে দেওয়া হয়। লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মুহাম্মদ ইব্রাহিম।
ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা বরাদ্দ রয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি দুর্গত এলাকায় এই সহায়তা পৌঁছে দেওয়া হবে।” তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করার এবং দুর্যোগ মোকাবিলায় একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিন উল্লাহ এবং মাহবুবুল আলম নেসারুল হক,বিপ্লব ভান্ডারী প্রমূখ।
এ সময় ইউনিয়নের ৫ ও ৯ নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
ফটিকছড়ি প্রতিনিধি 



















