চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলা হারুয়ালছড়িতে আলোচিত গৃহবধূ মামনি বালা দে (২৫) হত্যা মামলার দুই আসামি তয়ন দে ও সানি দাশের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। সোমবার (২০ জুলাই) চট্টগ্রামের আদালতে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, শুনানিকালে আসামিপক্ষ জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৩ এপ্রিল গভীর রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধী হারুয়ালছড়ি ইউনিয়নের মহানগর এলাকার ভুবন মহাজন বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
অভিযোগ রয়েছে, প্রবাসী রূপন কান্তি দে’র বসতঘরে দেয়াল টপকে ও ছাদ ব্যবহার করে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। তারা ঘরে একা থাকা গৃহবধূ মামনি বালা দে-কে ছুরিকাঘাতের পর ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।
এ সময় তার চিৎকার শুনে শ্বশুর মিলন কান্তি দে এগিয়ে এলে দুর্বৃত্তরা তার ওপরও হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার সময় নিহতের শাশুড়ি এক বছর বয়সী নাতনিকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় প্রতিবেশী সানি দা’শসহ কয়েকজনকে চিনতে পারেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সানি দাশ ও তয়ন দে-কে গ্রেপ্তার করে। সোমবার আদালতের আদেশের পর নিহতের পরিবার দ্রুত বিচার সম্পন্ন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের স্বামী প্রবাসী রূপন কান্তি দে বলেন, “দীর্ঘ সাত বছর ধরে আমরা বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারে দ্বারে ঘুরছি। যারা আমার স্ত্রীর নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের যেন দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়। আদালত আজ জামিন আবেদন নামঞ্জুর করায় আমরা কিছুটা আশ্বস্ত হয়েছি। এখন চাই, মামলার বিচার দ্রুত শেষ হোক এবং প্রকৃত অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।”
ফটিকছড়ি প্রতিনিধি 



















