ভূজপুরের আঁধারমানিক সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ আঁধারমানিক বিওপির একটি টহলদল স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্তবর্তী উত্তর আঁধারমানিক এলাকা থেকে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম পুটন মোল্ল (১৯)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুম থানার রামেন্দ্রনগর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম বাদল মোল্ল।
বিজিবি জানিয়েছে, পুটন মোল্ল অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) সূত্রে জানা গেছে, আটক ভারতীয় নাগরিককে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভূজপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হয়েছে।
বিজিবি আরও জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, সার্বভৌমত্ব রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনী সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। পাশাপাশি এ ধরনের কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের সচেতনতা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
মোহাম্মদ সাদ্দাম হোসেন রাসেল, ফটিকছড়ি প্রতিনিধি 



















