চট্টগ্রামেট ফটিকছড়ির ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর নিয়ে চলমান বিরোধের মধ্যে জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক ও জুলাই যোদ্ধা আকিব হাসান মাহিকে হুমকি ও মারধরের ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে।
আকিব হাসান মাহির অভিযোগ,২৭ জুলাই সোমবার উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তরের দাবিতে চলমান হরতাল-অবরোধ কর্মসূচি পরিদর্শনে যাওয়ার পর তাঁর ব্যক্তিগত মুঠোফোনে কল করেন ভূজপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি ফাহাদ।
ফোনে তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং উত্তর ফটিকছড়ি উপজেলা ইস্যুতে ‘নাক না গলাতে’ বলা হয়।
মাহির দাবি, একপর্যায়ে তাঁকে বলা হয়, ‘তুলে তুলে পেটাবো তোকে।’ এ ছাড়া তাঁকে মারধর করে ফটিকছড়ি থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ছাত্রদল নেতা ফাহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাহির সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। তবে হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওটা আমার ব্যক্তিগত আলাপ ছিল।’
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের ফটিকছড়ি আসনের গত নির্বাচনের সংসদ সদস্য প্রার্থী রবিউল হাসান তানজিম। তিনি বলেন, “মাহি একজন জুলাই যোদ্ধা। গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের মত প্রকাশের অধিকার রয়েছে। তাঁকে হুমকি দেওয়ার ঘটনা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আমি এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারাও এ ঘটনায় উদ্বেগ জানিয়ে বলেন, উত্তর ফটিকছড়ি উপজেলা বিষয়ে মতামত প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে একজন জুলাই যোদ্ধাকে হুমকি দেওয়া গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। বিষয়টি প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এ বিষয়ে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এখনো তাঁদের কাছে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ফটিকছড়ি প্রতিনিধি 



















