গাজীপুর মহানগরের পূবাইল কলেজ গেট এলাকায় পুরোনো টায়ার পুড়িয়ে তেল তৈরির সেই অবৈধ কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত ‘অটো গ্রীন টেক লি: নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটিতে বয়লারের মাধ্যমে পুরোনো টায়ার গলিয়ে তেল সংগ্রহ এবং রিসাইকেলিং করা হয়। দুপুর ১:৪৫ মিনিটে হঠাৎ বিকট শব্দে কারখানার ভেতরে বয়লার বিস্ফোরণ হয় এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শাহীন আলম বলেন, ‘বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’আগুন লাগার কিছুক্ষণ পূর্বে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ফাতেমা বেগম সেখানে উপস্থিত ছিলেন এবং এক পাশে সামান্য ধোঁয়া উঠেছে দেখে মানুষ আতঙ্কিত হয়েছে বলে তার বক্তব্যে জানান।অন্য একটি সূত্রে জানা যায় এই কারখানার জমির উপর দিয়ে বাংলাদেশ রেলওয়ের অধিগ্রহণের বিল সংক্রান্ত কোন ঘটনা থাকতে পারে।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ নামের এই কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। পরে জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। কিছুদিন বন্ধ থাকার পর নতুনভাবে ‘অটো গ্রিন অয়েল’ নামে কার্যক্রম চালু হয়। তবে এবার কারখানার চারদিকে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, যাতে ভেতরের কার্যক্রম বাহির থেকে দেখা না যায়।
পূবাইলে অবৈধ টায়ার রিসাইকেলিং কারখানায় আবারও আগুন।
-
মোঃ সজল মিয়া গাজীপুর পূবাইল ( প্রতিনিধি ) - আপডেট সময় : ০১:২৪:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
- 61
জনপ্রিয় সংবাদ




















