দিনাজপুরের পার্বতীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একটি কুরিয়ার সার্ভিস অফিস থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৫৭৬ বোতল অনুমোদনহীন ও অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানটি ২৬ জুলাই রাত ১০টা ২৫ মিনিটে পার্বতীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস অফিসে পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কুরিয়ার সার্ভিসটির মাধ্যমে সরকারি অনুমোদন ও বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধ যৌন উত্তেজক সিরাপ ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এরপর ডিবির একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোঃ লাভলু হোসেন মানিককে হাতেনাতে গ্রেপ্তার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির আরও দুই সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ লাভলু হোসেন মানিক (৪০), পিতা: মোঃ হাসান আলী, গ্রাম: গোবিন্দপুর; মোঃ ওমর ফারুক সরকার (৪৩), পিতা: মোঃ ফজলু সরকার, গ্রাম: উত্তর শালন্দার সরদারপাড়া; এবং মোঃ হাসান আলী (৫৮), পিতা: মৃত আজিজার রহমান, গ্রাম: দারাড়পাড় জাহানাবাদ, সকলেই পার্বতীপুর উপজেলার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেখানো মতে কুরিয়ার সার্ভিস অফিসের ভেতর থেকে ৩৫টি কার্টনে রাখা মোট ১৫ হাজার ৫৭৬ বোতল অনুমোদনহীন যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এসব সিরাপের আনুমানিক লেবেল মূল্য ৯ লাখ ৯৬ হাজার ২৪০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা সহযোগীর সঙ্গে যোগসাজশে দেশের বিভিন্ন স্থান থেকে এসব অবৈধ ওষুধ সংগ্রহ করে অধিক মুনাফার আশায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, মোঃ মশিউর ইসলাম
পার্বতীপুরে ডিবি পুলিশের অভিযান: কুরিয়ার সার্ভিস থেকে ১৫,৫৭৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, গ্রেফতার ৩
-
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: - আপডেট সময় : ০১:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- 44
জনপ্রিয় সংবাদ




















