দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে মাহাবুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতের খালাতো ভাই বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের ছোট কাঞ্চানা গ্রামের কালিকাপুর মৌজার এসএ ৫৪৯ খতিয়ানের ৪১১০ দাগভুক্ত ৯০ শতক জমি আধিয়ারী চুক্তিতে দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ৮টার দিকে ছোট কাঞ্চানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশের কাঁচা সড়কে ওই জমির আধিয়ারী চুক্তি নিয়ে আলোচনা চলাকালে হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে ছোট কাঞ্চানা বিদেশীপাড়া গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে শাহাদৎ হোসেন সাদো (৪৩), আবু সাঈদ (৩০), হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জোরপূর্বক জমি ভোগদখলের চেষ্টা চালায়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলার সময় হাবিবুর রহমানের নির্দেশে শাহাদৎ হোসেন সাদো তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে মাহাবুর রহমানের মাথায় আঘাত করার চেষ্টা করেন। আত্মরক্ষার্থে তিনি বাম হাত দিয়ে প্রতিহত করলে আঘাতটি তার বাম হাতের কনুইয়ের নিচে লাগে এবং গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে একই অস্ত্র দিয়ে তার পেটের বাম পাশে কোপ দেওয়া হলে তিনি গুরুতর আহত হন।
মাহাবুর রহমানকে রক্ষা করতে এগিয়ে আসেন তার বড় ভাই আশরাফুজ্জামান, খালু আউয়াল এবং সেকেন্দার আলী। এ সময় আবু সাঈদ ও হাবিবুর রহমান তাদের হাতে থাকা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়িভাবে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত মাহাবুর রহমানকে উদ্ধার করে প্রথমে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার করা হয়।
এ ঘটনায় আহত মাহাবুর রহমানের খালাতো ভাই আরমানুজ্জামান বাদী হয়ে সোমবার (১৫ জুন) পার্বতীপুর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা দাবি করেন, পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
পার্বতীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক গুরুতর আহত, থানায় মামলা
-
মোঃ মশিউর ইসলাম | স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ০৯:০০:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















