ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সরকারি ও দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। তার মন্ত্রিসভায় যোগ দেওয়ার বিষয়টি বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আব্দুল মতিন সউদও নিশ্চিত করেছেন।
তবে পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন সূত্রে তথ্য ও সম্প্রচার, নৌপরিবহন কিংবা পানিসম্পদ মন্ত্রণালয়ের নাম আলোচনায় থাকলেও শপথের পরই দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যাবে।
ভোলা-১ আসনের সংসদ সদস্য হিসেবে পার্থ মন্ত্রিসভায় যুক্ত হওয়ায় ভোলাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। জেলার উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা স্থানীয়দের।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাওয়ায় জাতীয় রাজনীতির পাশাপাশি ভোলার উন্নয়নেও তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




















