নেত্রকোণার কেন্দুয়ায় বরেণ্য কবি রওশন ইজদানীর স্মরণে শোকসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণানুষ্ঠান ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়।
কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক এবং কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকার আব্দুল হাই সেলিম।
মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রওশন ইজদানি একাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর। সহযোগী আলোচক হিসেবে কথা বলেন রোজবার্ড কিন্ডারগার্টেনের পরিচালক সালেহীন মাজিদ ও কবি রওশন ইজদানীর নাতি মিজানুর রহমান ইজদানী।
আরও বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূইয়া, পালাকার ও সাংবাদিক রাখাল বিশ্বাস, বাউল শিল্পী সালাম সরকার, দিলবাহার খান, আবুল বাসার তালুকদার, অলি উল্লাহ, জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের পরিচালক লুৎফর রহমান, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূইয়া হাবুল, সাংবাদিক সালাউদ্দিন সালাম, কাউছার তালুকদার প্রমুখ স্থানীয় বিশিষ্টজন। অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন প্রবীণ সাংবাদিক ও কবি সমরেন্দ্র বিশ্ব শর্মা।
স্মরণসভা শেষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে জমিলা মেমোরিয়াল বিদ্যানিকেতনের ছাত্রছাত্রীরা কবি রওশন ইজদানীর জনপ্রিয় গ্রন্থ ‘খাতামুন নাবীঈন’ থেকে কবিতা আবৃত্তি এবং ‘চিনু বিবির পুথি’ থেকে পাঠ উপস্থাপন করে। এর পাশাপাশি ‘বেজনী মেয়ের’ ও ‘কৃষাণ-কৃষাণীর বৈশাখী ঝড়’ শীর্ষক নৃত্য মঞ্চস্থ হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী দর্শক-শ্রোতারা এই খ্যাতিমান কবির সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাঁর অবদান নিয়ে স্মৃতি রোমন্থন করেন।
কেন্দুয়া প্রতিনিধি: মেহেদী হাসান খোকা 



















