কেন্দুয়া প্রতিনিধি:মেহেদী হাসান খোকা
নেত্রকোণা সদর থানার চল্লিশা ইউনিয়নে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়।
গতকাল মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা ১০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত চলা এই অভিযান পরিচালিত হয় নেত্রকোণা সদর থানাধীন চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায়, সুজন বর্মন নামের এক ব্যক্তির মোটরসাইকেল সার্ভিসিং দোকানের দক্ষিণ পাশে নেত্রকোণা-ময়মনসিংহগামী পাকা সড়কে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। তল্লাশিকালে কালো পলিথিন ব্যাগে বাঁধা অবস্থায় পাওয়া যায় মোট ৩৫টি জিপারযুক্ত নীল পলি প্যাকেট, যার প্রতিটিতে ছিল ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। মোট উদ্ধার হওয়া ইয়াবার পরিমাণ ৭ হাজার পিস, ওজনে ৭০০ গ্রাম, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২৮ লাখ টাকা।
এ সময় আটক দুই ব্যক্তির কাছ থেকে একটি TECNO ও একটি Infinix স্মার্টফোন, একটি itel বাটন ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি Yamaha FZS মোটরসাইকেলও জব্দ করা হয়। জব্দ করা সব আলামতের মোট বাজারমূল্য দাঁড়ায় ৩১ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— নেত্রকোণার বারহাট্টা থানার চিরাম ইউনিয়নের মোঃ সোহেল মিয়া (৩৬), পিতা মৃত মোফাজ্জল হোসেন এবং মোঃ সজীব (২৪), পিতা খাইরুল ইসলাম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল-আমিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এলাকাবাসীকে মাদক কারবারিদের তথ্য জানাতে অনুরোধ জানিয়েছেন।
কেন্দুয়া প্রতিনিধি:মেহেদী হাসান খোকা 



















