মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার (৬ আগস্ট) মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সদর উপজেলার দারোয়ানি টেক্সটাইল এলাকার যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, ক্রীড়াবিদ, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক দলের পৌর সভাপতি ডলার আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সুমন ইসলাম, সানিটা সিরামিকের পরিচালক শাওন ইসলাম, অ্যাডভোকেট তাপস রায়, ক্রিকেটার আরিফ, ফুটবলার পল্লবসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, দারোয়ানি টেক্সটাইল এলাকার যুবসমাজ দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একাধিক মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে বলে তারা দাবি করেন।
তারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করায় তাদের অনেকেই মাদক কারবারিদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন। বক্তারা এসব মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নীলফামারীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন, সুস্থ জীবনের পথে চলুন” এবং “মাদক ছাড়ুন, জীবন গড়ুন”—স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, ছাত্রসংগঠনের প্রতিনিধিরা, ক্রীড়াবিদ এবং সাধারণ মানুষ যুবসমাজের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
নীলফামারীতে মাদকবিরোধী মানববন্ধন মাদক নির্মূলে কার্যকর উদ্যোগের আহ্বান
-
মোঃ মোকলেছুর রহমান, নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৩:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















