পটুয়াখালীর বাউফলে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ওসমান গনি (৫) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। নিখোঁজ থাকার প্রায় একদিন পর সোমবার (২২ জুন) সকালে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ কালাইয়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওসমান গনি উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা জুয়েল হাওলাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসার কাজে বরিশাল যাওয়ার সময় রোববার শিশুটিকে তার নানা আমির হোসেন মৃধার বাড়িতে রেখে যান বাবা-মা। পরে দুপুরের দিকে ওসমানকে আর খুঁজে পাওয়া যায়নি। পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার সকালে নানা বাড়ির পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. আব্দুল্লাহ আল লিখন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 



















