ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরে অবস্থিত শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতের কোন এক সময় মন্দিরের সানসেটের গ্লাস ভেঙ্গে অভিনব কায়দায় ভিতরে প্রবেশ করে প্রতিমার স্বর্ণালংকার, রুপা, তিনটি শ্যালগ্রাম শিলা ও নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মন্দির কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ১০ লাখ টাকার সম্পদ চুরি হয়েছে।
মন্দিরের পুরোহিত গৌরাঙ্গ আচার্য বলেন, চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে চার থেকে পাঁচ ভরি স্বর্ণের জিনিস, প্রায় ২০ ভরি রুপার জিনিস, নগদ ২০ হাজার টাকা, ও তিনটি শ্যালগ্রাম শিলা।
নবীনগর শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি সীতানাথ সূত্রধর বলেন, চোরেরা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রতিমার বিভিন্ন স্বর্ণালংকারসহ আনুমান এর ১০/১২ লক্ষ টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়। মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেফতার ও মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।
এ বিষয়ে নবীনগর থানার ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
টিটন দাস নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: 



















