জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০তম বিশ্ববিদ্যালয় দিবস ও ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, এমপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, জাতীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণ, বেলুন অবমুক্তকরণ, কেক কাটা এবং পুষ্পস্তবক অর্পণ। পরে টিএসসি অডিটোরিয়ামে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমন্ত্রিত অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনে জ্ঞানচর্চা, গবেষণা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, নবীন শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন তাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : এম.এ.এইচ রাকিবুল ইসলাম 



















