নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে প্রকাশ্যে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১১টার দিকে হাসপাতালের অভ্যন্তরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মনিরা বেগম (২৬) উপজেলার ওমরপুর গ্রামের মোহাম্মদ মাসুদ হোসেনের মেয়ে। এ ঘটনায় তার স্বামী ফরহাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের হেলাল হোসেনের ছেলে। সোমবার সকালে স্বামী-স্ত্রী চিকিৎসা সেবা নিতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে হাসপাতালের ভেতর তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ ধারালো ছুরি দিয়ে স্ত্রী মনিরা বেগমকে উপর্যুপরি আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্ত ফরহাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
খবর পেয়ে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
ইসতিয়াক আহম্মেদ ইমন ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: 



















