টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুর্শি পল্টন পাড়া মোড় থেকে ৭ নম্বর ওয়ার্ডের গাড়াখালী পর্যন্ত কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, চাকরিজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সড়ক ব্যবহার করেন। তবে বৃষ্টি হলেই সড়কটি কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে ওঠে। অনেক সময় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নের প্রয়োজনীয়তা থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কারকাজ হয়নি। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কার অথবা পাকা নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে ধনবাড়ী উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















