তামাকমুক্ত জীবন ও ইভটিজিংমুক্ত নিরাপদ শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় দুটি বিশেষ সচেতনতামূলক ব্যানার স্থাপন করা হয়েছে। এসব ব্যানারের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে তামাকের ক্ষতিকর প্রভাব এবং ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রথম ব্যানারে “তামাকমুক্ত জীবন গড়ি, সুস্থ প্রজন্ম তৈরি করি”—এই বার্তা তুলে ধরা হয়েছে। ধূমপান ও তামাকজাত পণ্যের ক্ষতিকর দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি একটি সুস্থ ও তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে দ্বিতীয় ব্যানারে “ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তুলুন”—এই স্লোগানের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে নারীদের উত্ত্যক্তকরণ ও হয়রানি প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে। ইভটিজিং একটি দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে।
প্রচারাভিযানে জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০৯, চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এবং নারী ও পরিবার-সংক্রান্ত সহায়তার জন্য ১০৯ নম্বরে যোগাযোগের বিষয়েও শিক্ষার্থী ও সাধারণ মানুষকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে শুধু প্রশাসন নয়, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুস্থ, নিরাপদ, তামাকমুক্ত ও ইভটিজিংমুক্ত শিক্ষাঙ্গন এবং সভ্য সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















