শিক্ষার মান উন্নয়নে সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকায় ইভটিজিং প্রতিরোধ এবং অপ্রাপ্তবয়স্ক স্কুলগামী শিক্ষার্থীদের কাছে তামাকজাত পণ্য বিক্রি ও প্রকাশ্যে ধূমপান বন্ধে অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ দিল আফরোজ।
অভিযানকালে ভাইঘাট উচ্চবিদ্যালয়ের আশপাশে বিদ্যালয়ের ছুটির আগে কয়েকজন কিশোর ও যুবককে অকারণে অবস্থান ও ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে অবস্থানের কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি। পরে তাঁদের আটক করে অভিভাবকদের ডেকে আনা হয়।
পরে তাঁরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আর জড়িত হবেন না মর্মে মুচলেকা দিলে অভিভাবকদের জিম্মায় তাঁদের ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া প্রকাশ্যে ধূমপান করার অপরাধে একজনকে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে ধনবাড়ী থানার পুলিশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার পরিবেশ সুরক্ষা, ইভটিজিং প্রতিরোধ এবং অপ্রাপ্তবয়স্কদের তামাকজাত পণ্য থেকে দূরে রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















