কুষ্টিয়ায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল, কুষ্টিয়া সফল অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিট থেকে ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শেহালা এলাকায় অভিযুক্তের নিজ বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. রহিদুল ইসলাম (৫৪)। তিনি দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। পরে উপপরিদর্শক (এসআই) মো. আসিফুজ্জামান বাদী হয়ে দৌলতপুর থানায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে কুষ্টিয়া জেলায় মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।




















