দৌলতখানে মাদকবিরোধী পৃথক অভিযানে থানা পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড মোট ৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ৫ জন মাদকসেবী এবং ৪৫০ গ্রাম গাঁজাসহ ১ জন কথিত মাদক ব্যবসায়ী রয়েছেন।
শনিবার ১৮ জুলাই পরিচালিত অভিযানে দৌলতখান থানা পুলিশ ৫ জন মাদকসেবীকে আটক করে। পরে তাদের ডোপ টেস্টে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।
অন্যদিকে, বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৪৫০ গ্রাম গাঁজাসহ ১ জন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ইতিবাচক বার্তা দিচ্ছে। ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম বারবার মাদকের বিরুদ্ধে ‘বিন্দুমাত্র ছাড় নয়’ নীতির কথা তুলে ধরেছেন। সেই অবস্থানের ধারাবাহিকতায় দৌলতখানেও মাদক নির্মূলে অভিযান জোরদার হয়েছে বলে অনেকে মনে করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদকের বিস্তার রোধ এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোঃ জিয়া উদ্দিন, স্টাফ রিপোর্টার । 



















