কৃষকের হাতে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার আহ্বান এমপি রেজওয়ানুল হকের
দিনাজপুর প্রতিনিধি: কৃষকদের কাছে সময়মতো ও সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছে দিতে সারের বর্তমান মজুদ, উত্তোলন ও বিপণন কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করার লক্ষ্যে দিনাজপুরে সার ডিলার, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক।
প্রধান অতিথির বক্তব্যে এমপি এ জেড এম রেজওয়ানুল হক বলেন, দেশের কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের হাতে নির্ধারিত সময়ে এবং ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সারের উত্তোলন, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন উপজেলার সার ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশ নেন। আলোচনায় সারের পর্যাপ্ত মজুদ বজায় রাখা, ন্যায্যমূল্যে বিতরণ নিশ্চিত করা এবং কৃষকদের ভোগান্তি দূর করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় জেলা প্রশাসন সর্বদা অঙ্গীকারবদ্ধ। সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় কিংবা যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভা শেষে কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখা এবং কৃষকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রশাসন, কৃষি বিভাগ, সার ডিলার ও সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
দিনাজপুরে সারের মজুদ ও বিপণন কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা
-
প্রতিবেদক: স্টাফ রিপোর্টার মোঃ মশিউর ইসলাম - আপডেট সময় : ১০:৪৬:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- 29
জনপ্রিয় সংবাদ




















