ময়মনসিংহের ত্রিশাল পৌরসভাকে কেন্দ্র করেই বহুল আলোচিত ‘নজরুল সিটি’র কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ত্রিশাল পৌরসভার উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন কার্যক্রম নিয়ে নাগরিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিশাল পৌরসভার প্রশাসক আরাফাত সিদ্দিকী। সভায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্মকর্তা-কর্মচারী, ত্রিশালের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক মেয়র ও কাউন্সিলর, ব্যবসায়ী, ইজারাদার, সাংবাদিক এবং পৌর এলাকার বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “নজরুল সিটির কার্যক্রম ত্রিশাল পৌরসভা থেকেই শুরু হবে। পৌরসভাকে আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। তবে এ কাজে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, নির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত চলমান উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে পৌরসভার প্রশাসকের পাশে থাকার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে প্রশাসক আরাফাত সিদ্দিকী বলেন, “পৌরবাসীর করের অর্থেই ত্রিশাল পৌরসভা পরিচালিত হয়। তাই নাগরিকদের সেবাই আমাদের মূল দায়িত্ব। উন্নয়ন ও সেবার ক্ষেত্রে নাগরিকদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।”
মতবিনিময় সভায় বক্তারা ত্রিশাল পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিদ্যমান বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে খোলামেলা আলোচনা করেন। একই সঙ্গে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের জবাবদিহিমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং এমন আয়োজনের জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : এম.এ.এইচ রাকিবুল ইসলাম 



















