ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৮ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়।
ত্রিশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) রাত প্রায় ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উপজেলার ৯ নম্বর বালিপাড়া ইউনিয়নের বিয়ারা গ্রামের ২ নম্বর ওয়ার্ডে অপুর বাড়ির সামনের কাঁচা সড়কে মাদক কেনাবেচা চলছে। খবর পেয়ে স্থানীয় সচেতন জনতা প্রথমে ওই ব্যক্তিকে ঘেরাও করে আটক রাখে। পরে ত্রিশাল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন দক্ষিণ বালিপাড়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আল আমিন (২০)। তিনি মো. নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা।
ত্রিশাল থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। অভিযানে স্থানীয় জনগণের সহযোগিতা প্রশংসনীয়। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ ও জনসাধারণের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে বালিপাড়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : এম.এ.এইচ রাকিবুল ইসলাম 



















