ময়মনসিংহের ত্রিশালে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শহিদুল্লাহ (৪৭) নামে এক কৃষক আহত হয়েছেন। গত [তারিখ] উপজেলার ৪ নম্বর কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত শহিদুল্লাহকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় শহিদুল্লাহর পরিবারের পক্ষ থেকে ত্রিশাল থানায় দেওয়া অভিযোগে মো. জসিম উদ্দিন ওরফে রাজ্জাক মিয়া (৪৮), মো. সুলতান মিয়া (৫২), মোছা. জায়েদা খাতুন (৪২), মোছা. তানজিনা (৪০)সহ অজ্ঞাত আরও তিনজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে শহিদুল্লাহর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দা জামাল, নুরুল ইসলাম ও মবিনসহ কয়েকজন জানান, শহিদুল্লাহ শান্ত স্বভাবের মানুষ। জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা হয়েছে বলে তারা দাবি করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
আহত শহিদুল্লাহর স্ত্রী লিজা অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী নিজেদের জমিতে কাজ করছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে রাজ্জাক, সুলতানসহ কয়েকজন পেছন থেকে এসে তার ওপর হামলা করেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
শহিদুল্লাহর বড় ভাই বলেন, ‘আমার ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রাজ্জাক মিয়া বলেন, ‘দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। একপর্যায়ে শহিদুল্লাহর কাঁধে আঘাত লাগে।’
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: এম.এ.এইচ রাকিবুল ইসলাম 



















